সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার পৌর এলাকার বাড়োইয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ (৩১) বাড়োইয়া মহল্লার রোস্তম আলীর ছেলে।
উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, সকালে নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক আহমেদ। এক পর্যায়ে অসাবধনতাবশত গাছটির পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
তিনি আরও জানান, এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।